শ্রাবণের জলছবি ।। জয়শ্রী সরকার

 



টিপ্-টিপ্ টুপ্-টুপ্ ঝম্-ঝম্ বৃষ্টি
বিধাতার কী যে এক অপরূপ সৃষ্টি।
হাওয়া যত লাগে গাছে দোল খায় পাতা
পদাতিক মানুষের উল্টায় ছাতা!

গ্রীষ্মের দাবদাহ বনভূমি সয়
শ্রাবণধারাতে ওরা ঋতুমতী হয়।
ব্যাঙেদের সমবেত কন্ঠের ডাক
সুরে-তালে-ছন্দেতে লেগে যায় তাক!

ছাতিমের ডালে বসে দুই সাদা বক
মনের খুশিতে ওরা করে বক্ বক্। 
তাই দেখে তানবাবু গেয়ে যান গান
বাবা ওর তবলাতে তাল দিয়ে যান!

উদোম ছেলেরা খেলে জল নিয়ে খেলা
অপলক বিস্ময়ে কেটে যায় বেলা।
গরীবের কুঁড়েঘরে নদী বয়ে যায়
পেটেতে আগুন জ্বলে দ্বিগুণ জ্বালায়!

সুখী মানুষের আছে কল্প-বিলাস
চালফুটো অভাগীর ফিকে হয় শ্বাস।
জানালার ধারে বসে আজকের কবি
অক্ষর-তুলি দিয়ে এঁকে যায় ছবি! 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post