গন্তব্যের অন্য পাশে তুমি নেই
হেসে ওঠে নক্ষত্র দূরবর্তী মেঘের ভিড়ে
ভুল করে কাকে যেন ডাক দেই
প্রতিধ্বনি আসে ফিরে।
দুঃসহ বেদনা ভার নির্জনতা বাড়ে তার
ক্রমাগত না থাকার ছায়া ঘরে—
যে ডাকে না-তার জন্যে অনিদ্রার
গান পোড়ে অন্ধকারে;
নিয়তই প্রিয়হাতগুলি যায় সরে
অচেনা পথের দূরত্ব বাড়ে।
