আমাকে ছেড়ে যাওয়ার পরও দেখি—
শরীরের পরতে পরতে লেগে আছে তোমার স্পর্শের গন্ধ
মুছে ফেলতে গিয়ে স্তম্ভিত হই, দুষ্ট উল্কি দেখে
এত শ্যাওলা মনের সুদৃশ্য উপবনে?
এইবারে সরে দাঁড়াই, তোমাদের পাখিবন ছেড়ে
মুছে ফেলি, সমস্ত গোপন যাতায়াত
শাল্মলী তলায় দাঁড়িয়ে, একদিন এঁকেছিলাম
মিথ্যে প্রবোধ—
তুমি সরে দাঁড়াতেই, ঘুমিয়ে পড়েছে, আমাদের সম্পর্কের
পালিত বেড়াল
আর ধরে রাখা গেল না, সহবতের পাহাড়
নিজেকে ছিন্নভিন্ন করে এঁকে ফেলি, দস্যুর প্রতিবিম্ব
ততক্ষণে শরীর জুড়ে জেগে উঠেছে ,অশ্লীলতার দাগ
