জনাকীর্ণ রাস্তা হইচই গর্জন গরম হাওয়া
ফুটপাতে ফুলভর্তি রক্তপলাশের গাছ
কালো পিচের উপর ঝরে পড়েছে
তারই কিছু পাপড়ি
এদিক ওদিক
ল্যাম্পপোস্টে বাঁধা দলীয় পতাকা
তাদেরও কত রং
বিলবোর্ডে বিজ্ঞাপনের ঝলকানি
ট্রাফিক পুলিশ হাত নাড়ায়
মাকড়শারা সুতো ছাড়ে
কুমারীকন্যারা ইস্কুলে যায়
একটা সবুজ স্রোত
ভূ-স্বর্গের মাথায় নীল পলিথিনশিটের ছাউনি
ফুল ও কীট হয়ে দেবদূতেদের কোঁকর-কোঁ
শরীরে রাধিকা-বর্ণকে লম্বা করে ধরে রাখছি
দার্শনিকলীলায়
বাজারের পাশে গোবরের ডাঁই
গোরুর মুখে বাতিল বাঁধাকপি
প্যাঁকাল-পরিদের পদাঘাতে
ভোঁং-জীবনীর লতাপাতা ভিজে যাচ্ছে
বিস্তর ফাউল ও পেনাল্টি চিবোতে চিবোতে
দাঁত-ক্যালানো হলুদ মাতলামির ভিতর ছড়িয়ে পড়ছে
বুদবুদ ও বিছানা
