চাঁদ উঠেছে চাঁদ উঠেছে কালকে হবে ঈদ,
মায়ের কাছে মানিক রতন তাই ধরেছে জিদ।
দাওনা কিনে নতুন জামা দাওনা টুপি মাগো,
এবার কিন্তু দিতেই হবে যতই তুমি রাগো।
মা কেঁদে কয় হায়রে কপাল কোথায় পাবো টাকা?
তোদের বাপে মরার পরেই সব হয়েছে ফাঁকা।
পথে পথে ভিক্ষে করে যখন যেটুক পাই,
তোদের নিয়ে মিলেমিশে ভাগ করে তাই খাই।
ঈদের জামা ঈদের টুপি কোথায় পাবো বল?
মায়ের সাথে ওরাও কাঁদে ওদের চোখেও জল।
ঈদের এমন খুশির দিনে ওরা শুধুই কাঁদে,
সেই কান্না দিচ্ছে দোলা নীল আকাশের চাঁদে।
গরীব ঘরে ঈদ আসে না- আসে ধনীর ঘরে,
খুশির দিনেও এতিম শিশুর কান্না চোখে ঝরে।
আসুন সবাই আজকে ওদের একটু ভালোবাসি,
এমন দিনে ওদের মুখে ফোটাই মধুর হাসি।
