খুঁজে ফিরি ।। স্মরণিকা চৌধুরী

 



একটা বোশেখ, একটা ঈদ কাটাবো বলে মা
আমি  এখন হা পিত্যেশে ভুগি
সেই ছোট্ট বেলায় তোমার পই পই  বারণ করা
অনুযোগ  আজকাল কানের কাছে বড্ড বেশি বাজে
মনে আছে কি মা তোমার, বোশেখের প্রথম দিনে
তুমি লাল টকটকে জবা ফুল আর আমপাতার
পানি ছিটিয়ে  মনে মনে মন্ত্র আওড়াতে,
তোমার ছেলেকে তাবৎ দুনিয়ায় কোন কিছুই যেনো
আঘাত না করে, সেই স্নেহ, ভালবাসা হারিয়ে 
পথে পথে ঘুরে ফিরি স্বাধীনতার বছর থেকে। 
মাগো, একাত্তরের ২৬ শে মার্চ তুমি তো হাসিমুখে 
বলেছিলে " দেশের জন্য একটা পতাকা আনিস"
সেই পতাকা আনতে  তুমি চলে গেলে বীরদর্পে 
রক্ত লালে রঞ্জিত হয়েছিলো আমার আতুর ঘর
তোমার আশীর্বাদ হাতটা এখনো খুঁজে পাই
বুকের মাঝে আমার ধমনীর শিরায় উপশিরায়
তবুও মা, আজও আমি কাঙাল 
একটা বোশেখের, একটা ঈদের, স্বাধীনতা সূর্যের। 
ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে 
ক্লান্ত হয়ে এখনো খুঁজে ফিরি পয়লা বোশেখের
সেই সূর্যোদয়, সেই ঈদ, সেই স্বাধীনতা। 
জীবন স্রোতের গায়ে বিলীন হয়ে গেছে 
আমার বোশেখ, ঈদের দিনের আনন্দিত দিনগুলো 
স্বাধীনতার কথা আর নাইবা বললাম মা
হারিয়ে ফেলেছি সেই অনুভূতি গুলো,
 তাইতো রাস্তায় রাস্তায় ঘুরে ফিরে খুঁজে ফিরি
আমার সেই হারিয়ে ফেলা মূহুর্ত গুলো। 


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post