করতলে তার একগুচ্ছ নদী ll আসিফ আলতাফ

 



ঈশ্বর মানুষ সৃষ্টি করার পর
করতলে গুঁজে দেন
একগুচ্ছ নদী

মাতৃজঠরে তাই মুষ্টিবদ্ধ থাকে
মানব শিশুর
হাত

ভূমিষ্ঠ হওয়ার পর
যখন করতলে
উন্মুক্ত করে দেয় শিশু
নদী গুলো ছড়িয়ে পড়ে চারিদিকে

নদীর জলের ধারায়
পুষ্ট হয় মানব জীবন

প্রতিটি নদী কররেখা হয়ে ফুটে থাকে
হাতের তালুতে

নদী গুলোর পাড় ধরে ধরে
হেঁটে যায় মানব জীবন

একসময় চলতে চলতে নদী গুলো ঈশ্বরের করতলে যেয়ে থামে

ফুরায় মানব জীবনের
সবকাহিনী 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post