কিস্তিতে দুঃখ ক্রয় ।। মৌসুম মনজুর

 




প্রতিনিয়ত আমাকে দুঃখ কিনতে হয়।
আমি না চাইলেও কিস্তিতে তারা গছিয়ে দেয় কিছু মেয়াদোত্তীর্ণ কষ্ট, কিছু প্যাকেটজাত বিড়ম্বনা।

এভাবে আমি অসুখ কিনি, রক্তক্ষরণ কিনি। 
প্রাত্যহিক খাদ্যের মোড়কে তরতাজা কিছু মৃত্যুও কিনি।

মানুষের শঠতায় কিছু কৌশলী বিষ মিশে যায়  
আমার বিশ্বাসের স্রোতধারায়,
ছলেবলে,স্নিগ্ধ উচ্চারণে গছিয়ে দেয় কিছু ভদ্রোচিত প্রতারণা।

সততার মোড়কে অবিশ্বাস বেঁচাকেনা হয় । বেঁচে থাকার প্রতি কদমে কদমে ছড়ানো থাকে কত প্রাপ্তবয়স্ক ছলনা।

দিনদিন খুবলে খায় নম্রতা, ঠেকানো যায় না বহুজাতিক কৌশল, আমি বাধ্য হই দুঃখের কাছে 
সমস্ত সুখের চালান
     তুলে দিতে।

বৈধ কাবুলিওয়ালার চক্রে বাঁধা এ জীবন,ছাড়াতে পারি না শত চেষ্টায়, 
হাজারো মরীচিকায় বাঁধা এ এক রক্তক্ষরণ 
কেবলি দগ্ধ হয় --শূন্যতা আর শঠতায়। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post