ভোরের বেলা হিমেল হাওয়া
শিশির ভেজা ঘাসে,
সোনালী রোদ পেয়েই বুঝি
ফুলগুলো সব হাসে।
ছোট্ট খোকন তাকায় ফিরে
নাম না জানা পাখি,
ছাতিম গাছের ডালে বসে
করছে ডাকাডাকি।
দূরে কোথাও রাখাল ছেলে
বন্ধু সকল মিলে ,
একটা ঘুড়ি উড়িয়ে দিল
ওই যে আকাশ নীলে।
নীল আকাশে রঙিন ঘুড়ি
উড়ছে ডানা মেলে ,
খোকন ভাবে উড়বো আমি
ডানাখানি পেলে।
মেঘ মুলুকে উড়ে যাবো
শুনবো না আর মানা,
কোথায় আছে মেঘের বাড়ি
সবই যে তার জানা।
