ভবঘুরে মেঘের পালকে উড়োচিঠি,
বাতায়নে চোখ রাখি অস্থির কৌতুহলে
মনদর্পনে স্বপ্ন আঁকি জলের ছায়ায়।
বৃষ্টির উপধারা বিচিত্র দৃশ্যপট ভেঙে
নেমে আসে ব্যাকুল মনের অনুচ্ছেদ।
দিগন্তে ছড়ানো অতীব জলজ জীবন
ছুঁয়ে থাকে মৃত্তিকা চুম্বনের প্রত্যাশায়।
মেঘের শরীরে আকাঁ নীলকাব্য
বৃষ্টিতে জড়ানো অনুচ্চারিত অনুরাগ,
সুরে সুরে বর্ষন করে এক পশলা ধারা,
ধারার প্রতিধ্বণিতে লেখা বেদনা কথা
নীলখামে পাঠিয়ে দেয় নিমগ্ন বর্ষাঘরে।
বর্ষার আকুতি দীর্ঘ উপকথা হয়ে
উষ্ণ ঘুমের দেশে ঘোরে অনায়সে।
তীব্র অনুভূতি পাওয়া শিহরিত শরীর
মনকে বোঝায় তবু বৃষ্টিতে ভিজে।
বৃষ্টিস্নাত হলুদ বিকেলে নিমগ্নতা শেষে
মায়াবী বিষন্নতা আসে নিভাঁজ দীর্ঘশ্বাসে।
বৃষ্টির অনুবাদ অংক
কেউ বোঝে কেউ উপভোগে ব্যস্ত রাখে,
ঝুম বৃষ্টির অন্তরালে আঁকা বিদগ্ধ মানচিত্র
গহীন গল্পকথনে নিরত থাকে বেদনায়,
তবু, বৃষ্টিপ্রেমি মন ছুটে চলে দূর কল্পনায়।
