ঈদ মুসলিম বিশ্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এটি কেবল উৎসবের দিন নয়, বরং নতুন পোশাক, সাজগোজ আর আনন্দের উচ্ছ্বাসেরও প্রতিচ্ছবি। প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের কাছে ঈদ মানে আলমারিতে নতুন পোশাকের আগমন। ঈদ মানেই নতুন ফ্যাশন। তবে বিশ্বজুড়ে ফ্যাশনের গতানুগতিক সংজ্ঞা বদলে যাচ্ছে। উৎসবের আমেজের মধ্যেও এখন এক নতুন চিন্তা জায়গা নিচ্ছে। ফ্যাশন কেবল পোশাক নয়, এটি দায়িত্ববোধ, নৈতিকতা ও পরিবেশ সচেতনতারও প্রতীক।
এই আধুনিক, দায়িত্বশীল দৃষ্টিভঙ্গির নাম টেকসই ফ্যাশন (Sustainable Fashion)| । আর এরই একটি উন্নত ও কার্যকরী মডেল হলো— সার্কুলার ফ্যাশন (Circular Fashion)| । এই দর্শনের এক চমৎকার ও সৃজনশীল দিক হলো “ওয়ারড্রোব রিকনস্ট্রাকশন”। যা পুরোনো পোশাককে নতুন করে সাজিয়ে তোলার সৃজনশীল দর্শন। নিম্ন এ বিষয়ে কিছু আলোকপাত করছি।
ফাস্ট ফ্যাশনের বিশেষত্ব:
গত এক দশকে, বিশেষ করে নব্বইয়ের দশক থেকে শুরু করে, ‘ফাস্ট ফ্যাশন’ বিশ্ব ফ্যাশন বাজারে এক বিপ্লব এনে দিয়েছে। এটি একটি কুইক ট্রেন্ড। যা সস্তা দাম এবং সীমাহীন সরবরাহের ওপর ভিত্তি করে তৈরি একটি মুনাফাকেন্দ্রিক মডেল। ফ্যাশন শোগুলির ডিজাইন বা সামাজিক মাধ্যমের ট্রেন্ড অনুযায়ী যেকোনো কিছু বাজারে আসতে ফাস্ট ফ্যাশন ব্র্যান্ডগুলোর লাগে মাত্র কয়েক সপ্তাহ। কিন্তু এই দ্রুততা এবং সস্তা দামের আড়ালে লুকিয়ে আছে এক বিশাল পরিবেশগত ও মানবিক মূল্যবোধের বিষয়। নিম্নে এ বিষয়ে কিছু তথ্য তুলে ধরা হলো-
ক. পরিবেশগত ক্ষয়ক্ষতি: বর্জ্য এবং দূষণের হিসাব অনুযায়ী ফ্যাশন শিল্প বিশ্বের অন্যতম দূষণকারী খাত। আন্তর্জাতিক সংস্থাগুলোর পরিসংখ্যান এই উদ্বেগের মাত্রাকে আরও স্পষ্ট করে তোলে। ফ্যাশন শিল্প বিশ্বব্যাপী মোট কার্বন নিঃসরণের প্রায় ৮-১০ শতাংশের জন্য দায়ী, যা আন্তর্জাতিক বিমান চলাচল এবং সমুদ্র শিপিংয়ের সম্মিলিত কার্বন নিঃসরণের চেয়েও বেশি মাত্রায়। একটি কটন শার্ট তৈরি করতে লাগে প্রায় ২,৭০০ লিটার পানি, যা একজন মানুষের আড়াই থেকে তিন বছরের পানির চাহিদার সমান। অন্যদিকে, টেক্সটাইল ডাইং এবং ফিনিশিং প্রক্রিয়ায় ব্যবহৃত বিপুল পরিমাণ বিষাক্ত রাসায়নিক উপাদান জলপথে মিশে নদী-নালা ও মাটিকে মারাত্মকভাবে দূষিত করছে। বিশ্বব্যাপী ২০% জল দূষণের জন্য পোশাক শিল্প দায়ী।
আবার ‘ফাস্ট ফ্যাশন’ -এর নীতি অনুযায়ী “ব্যবহার করে ফেলে দেও” (wear and throw) সংস্কৃতির কারণে প্রতি বছর প্রায় ৯২ মিলিয়ন টন বস্ত্র বর্জ্য তৈরি হয়। এই বর্জ্যের সিংহভাগ ল্যান্ডফিলে জমা হয়। পলিয়েস্টারের মতো কৃত্রিম ফাইবার পঁচতে দুই শতাধিক বছর সময় নেয়, যা পরিবেশের জন্য দীর্ঘস্থায়ী ক্ষতি ডেকে আনছে। পরিবেশ বিপর্যয়ের দিকটা খেয়াল রেখে আমাদের অর্গানিক ও সার্কুলার ফ্যাশন পদ্ধতিতে উৎপন্ন পোশাক ব্যবহার বৃদ্ধি করতে হবে।
খ. সামাজিক ও মানবিক মূল্যবোধ:
ফাস্ট ফ্যাশনের সস্তা মডেলটি প্রায়শই শ্রমিক শোষণের ওপর দাঁড়িয়ে থাকে। কম খরচে বেশি উৎপাদন নিশ্চিত করতে, পোশাক শ্রমিকদের (যাদের বেশিরভাগই নারী) আন্তর্জাতিকভাবে নির্ধারিত জীবনধারণের উপযোগী মজুরি (Living Wage) দেওয়া হয় না। পাশাপাশি উৎপাদন দ্রুত করার চাপে অনেক কারখানায় নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হয় এবং ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশ তৈরি হয়। যার ভয়াবহ পরিণতি আমরা অতীতেও দেখেছি। টেকসই ফ্যাশন (Sustainable Fashion) এই মানবিক দিকটিকে অগ্রাধিকার দেয়।
সার্কুলার ফ্যাশন: পোশাকের চক্রে জীবন
ফাস্ট ফ্যাশনের ক্ষতিকর মডেল এর বিপরীতে সার্কুলার ফ্যাশন এমন একটি চক্রাকার মডেল, যেখানে পোশাকের কোনো কিছুই যেন বর্জ্য না হয় সেদিকে খেয়াল রাখা হয়। এর মূল লক্ষ্য হলো উপাদানগুলোকে ফ্যাশন চক্রে যথাসম্ভব দীর্ঘ সময় ধরে সক্রিয় রাখা। সার্কুলার ফ্যাশনের সফলতার জন্য তিনটি মূল কৌশল প্রয়োজন, যা দীর্ঘস্থায়ী, কার্যকরী এবং পরিবেশবান্ধব। এটি তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে।
১. দীর্ঘস্থায়ী ডিজাইন ও নৈতিক উৎপাদন:
পোশাকের নকশা এমন হতে হবে যা টেকসই, সহজে মেরামতযোগ্য আবার একই সাথে সময়ের অপচয় রোধ করে। কাঁচামাল হিসাবে অর্গানিক কটন, লিনেন বা হেম্পের মতো পরিবেশবান্ধব এবং পুনর্ব্যবহৃত (Recycled) ফাইবার ব্যবহার করা অপরিহার্য। উৎপাদন প্রক্রিয়ায় রাসায়নিক ও জলের ব্যবহার কমানোর ওপর জোর দেওয়া হয়।
২. পুনর্ব্যবহার ও মেরামত:
3R (Reuse, Repair, and Resale) দর্শন মানে হলো পোশাকের আয়ু বাড়ানোর সবচেয়ে সহজ উপায়। এর উদ্দেশ্য হলো এক জিনিসের দ্বিতীয় ও তৃতীয় ব্যবহার নিশ্চিত করা। এর মধ্যে রয়েছে-
ক. মেরামত (Repair): ছেঁড়া বা নষ্ট হয়ে যাওয়া পোশাক ফেলে না দিয়ে সেলাই করা বা মেরামত করে ব্যবহার করা।
খ. ভাড়া বা পুনর্বিক্রয় (Rental & Resale): ব্যবহৃত পোশাক বিক্রি করে দেওয়া বা বিশেষ অনুষ্ঠানের জন্য পোশাক ভাড়া নেওয়া, যাতে একটি পোশাক একাধিক মানুষের প্রয়োজন মেটাতে পারে।
গ. দান (Donation): ভালো অবস্থায় থাকা পোশাকগুলো অভাবী মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমাদের দেশে অনেক জায়গাতেই এই ব্যতিক্রমী উদ্যোগ চালু হয়েছে। যা সত্যিই প্রশংসনীয়।
৩. পুনঃউৎপাদন বা রিসাইক্লিং (Recycle):
যখন কোনো পোশাকের আর ব্যবহারিক মূল্য থাকে না, তখন সেটিকে ভেঙে নতুন ফাইবারে রূপান্তর করে আবারও ফ্যাশনচক্রে ফিরিয়ে আনা হয়। এই প্রক্রিয়ায় নতুন কাঁচামালের ওপর নির্ভরতা কমে আসে। এতে অপচয় অনেক কম হয় আবার পণ্যের সঠিক পুনর্ব্যবহার নিশ্চিত হয়।
ওয়ারড্রোব রিকনস্ট্রাকশন: ফ্যাশনে সৃজনশীলতা
সার্কুলার ফ্যাশনের দ্বিতীয় স্তম্ভটির একটি সৃজনশীল প্রয়োগ হলো ‘ওয়ারড্রোব রিকনস্ট্রাকশন’ বা পোশাকের পুনর্র্নিমাণ। এটি শুধু অর্থনৈতিকভাবে সাশ্রয়ী নয়, বরং ফ্যাশনের এক নান্দনিক ও পরিবেশবান্ধব সমাধান। রিকনস্ট্রাকশন বা আপসাইক্লিং-এর মাধ্যমে একটি পুরানো পোশাকের কাঠামো ঠিক রেখে তাতে নতুন নকশা, উপাদান বা রং যোগ করা হয়। এটি ক্রেতার সৃজনশীলতাকে প্রকাশ করার পাশাপাশি বর্জ্য তৈরি রোধ করে।
কিছু সৃজনশীল পুনর্র্নিমাণের উদাহরণ:
ক. শাড়ির পুনর্ব্যবহার: মায়ের পুরোনো জামদানি বা বেনারসি শাড়ির পাড় ও আঁচল কেটে নতুন একরঙা কামিজ বা কুর্তায় বর্ডার হিসেবে ব্যবহার করা। শাড়ির বাকি অংশ দিয়ে স্কার্ফ বা দোপাট্টা তৈরি করা।
খ. পাঞ্জাবি ও কামিজ: পুরোনো বা সাধারণ পাঞ্জাবিতে নতুন এমব্রয়ডারি, ব্লক প্রিন্ট বা হ্যান্ড পেইন্ট যোগ করে উৎসবের উপযোগী করে তোলা।
গ. অ্যাক্সেসরিজ: জিন্সের পুরোনো কাপড় বা অব্যবহৃত ওড়না দিয়ে সৃজনশীল হ্যান্ডব্যাগ, ওয়ালেট বা কুশন কাভার তৈরি করা।
ঢাকায় এখন অনেক বুটিক হাউস ও তরুণ ডিজাইনার ওয়ারড্রোব রিকনস্ট্রাকশনকে মূল ব্যবসায়িক মডেল হিসেবে গ্রহণ করছেন, যা সচেতন ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে। এতে করে সাসটেইনেবল ফ্যাশনের পুনর্জন্মের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
দেশীয় ঐতিহ্য ও সার্কুলার চেতনার মেলবন্ধন:
বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক শিল্প এবং হস্তশিল্প বছরের পর বছর ধরে টেকসই ফ্যাশনের নীতি অনুসরণ করে আসছে। আমাদের তাঁত শিল্পীরা যে খাদি বা সুতি কাপড় তৈরি করেন, তা সার্কুলার ফ্যাশনের মূল চেতনার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। নিম্নে বাংলাদেশের সার্কুলার ফ্যাশন সম্পর্কে সংক্ষেপে কিছু বর্ণনা করা হলো।
ক. খাদি ও তাঁত: হাতে বোনা খাদি বা সুতির কাপড় উৎপাদনে কম শক্তি ও জলের প্রয়োজন হয়। এই কাপড়গুলো অত্যন্ত টেকসই, আরামদায়ক এবং সহজে বায়োডিগ্রেডেবল।
খ. জামদানি ও মসলিন: এই কারুশিল্পগুলো শুধু পোশাক নয়, বরং শিল্পকর্ম। হাতে তৈরি প্রতিটি জামদানি বা নকশিকাঁথা অনন্য, যা এটিকে দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য উপযুক্ত করে তোলে এবং কখনোই 'আউট অফ ট্রেন্ড' হয় না।
গ. ফেয়ার ট্রেড চেতনা: স্থানীয় তাঁতিদের কাছ থেকে সরাসরি বা ফেয়ার ট্রেড নীতি অনুসরণকারী বুটিক থেকে কেনা মানে শুধু পরিবেশ নয়, সামাজিক ন্যায়বিচারও নিশ্চিত করা। এটি কারিগরদের ন্যায্য মজুরি নিশ্চিত করে গ্রামীণ অর্থনীতি টিকিয়ে রাখতে সাহায্য করে।
ঈদ ফ্যাশনে টেকসই আনন্দ ও চূড়ান্ত দায়িত্ব:
ঈদে নতুন পোশাক না কিনে কে থাকতে পারে! কিন্তু নতুনত্ব মানেই কেবল শপিং মলের নতুন কেনাকাটা নয়। বরং নতুনত্ব আসতে পারে সৃজনশীলতায়, দায়িত্বশীল কেনাকাটায় এবং পুনর্র্নিমাণে।
এই ঈদে একজন সচেতন ক্রেতা হিসেবে আমাদের করণীয় হলোÑ
আসুন কম কিনি, ভালো জিনিস কিনি। ক্ষণস্থায়ী ট্রেন্ড নয়, বরং দীর্ঘস্থায়ী, মানসম্মত এবং ক্লাসিক ডিজাইন বেছে নিই। আলমারির পুরোনো কামিজ, সালোয়ার বা পাঞ্জাবিতে নতুন লেইস, বাটন, বা প্রিন্ট যোগ করে নতুন লুক তৈরি করি বা পুনর্র্নিমাণ করি।দেশীয় হস্তশিল্প ও তাঁতকে প্রাধান্য দিই এবং নিশ্চিত করি যে আমার আপনার অর্থ যেন পরিবেশবান্ধব ও নৈতিক উৎপাদনে ব্যবহৃত হয়।
উপসংহার:
ফ্যাশন আজ শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রতীক নয় বরং এটি নৈতিকতা, টেকসই চিন্তা ও সামাজিক দায়বদ্ধতার প্রতিচ্ছবি। যে পোশাক আমরা পরি, সেটি পরিবেশ, জলবায়ু, এমনকি পোশাক শ্রমিকের জীবনকেও প্রভাবিত করে। তাই ফ্যাশনের ভবিষ্যৎ টিকে থাকবে তখনই, যখন আমরা সবাই ক্রেতা হিসেবে সচেতন হব।
এই ঈদে আসুন আমরা ওয়ারড্রোব রিকনস্ট্রাকশন-এর সৃজনশীল আনন্দে ফ্যাশনকে করি আরও অর্থবহ। ঐতিহ্য, সৃজনশীলতা ও দায়িত্বের সমন্বয়ে টেকসই জীবনধারা গড়ে তুলি। শুধু ফ্যাশনে নয়, চিন্তায়ও হোক আমাদের নতুন ঈদ। আমাদের স্লোগান হোক- “কম কিনব, ভালো কিনব, আর দীর্ঘদিন ব্যবহার করব।” সবাইকে ঈদ মোবারক।
