“সাহিত্যচর্চার পথে কেউ কারও প্রতিযোগী না হয়ে সহযোগী হবেন” ।। রকিবুল হাসান গোলজার

 

কবি, লেখক ও গীতিকার রকিবুল হাসান গোলজার। জন্ম ২৭ নভেম্বর ১৯৭০ সালে, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের দড়িকিশোরপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তাঁর পিতা মৌলভী মো. আব্দুর রশীদ মিয়া এবং মাতা মোছা. গোল সাহেরা বেগম। তিনি থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, গুনাইগাছ পাইলট উচ্চবিদ্যালয় থেকে ১৯৮৬ সালে এসএসসি এবং কাউনিয়া ডিগ্রি মহাবিদ্যালয় থেকে ১৯৯১ সালে এইচএসসি ও ১৯৯৪ সালে বিএসএস পাস করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে বিএড ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে পেশা হিসেবে বেছে নেন শিক্ষকতাকে। বর্তমানে তিনি দলদলিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মনোনিবেশ করেছেন সাহিত্য ও সংগীত চর্চায়। প্রকাশ হয়েছে প্রেম ‘প্রত্যাশী’, ‘প্রবাসী’, ‘নিঃসঙ্গবাসী’, ‘হাটুয়া হুকা’, ‘মা’, ‘রিপু ত্যাগী মা’, ‘উলিপুরের আঞ্চলিক ভাষায় নীতিকথা’ ও ‘একক বর্ণের ছড়া’গ্রন্থগুলো। ভাইরাল হয়েছে বেশকিছু গান। সাহিত্য, সংস্কৃতি, ব্যক্তিগত ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন বর্ণপ্রপাতের সম্পাদক, কবি ও লেখক জরীফ উদ্দীন।

জরীফ উদ্দীন: আপনার শৈশব ও কৈশোর কেটেছে গ্রামে। গ্রামীণ জীবনের বৈচিত্র্যময় অভিজ্ঞতা আপনার লেখালেখিতে নিশ্চয়ই প্রভাব ফেলেছে। শৈশব ও বেড়ে ওঠার কোন অভিজ্ঞতাগুলো আপনাকে সাহিত্যচর্চার দিকে নিয়ে এসেছে?
রকিবুল হাসান গোলজার: আমাদের জীবনের ঘটনাপ্রবাহ এবং চলার পথে দেখা ও অর্জন করা অভিজ্ঞতাগুলোই লেখার উপাদান হয়ে ওঠে। শৈশব থেকে অদ্যাবধি জীবনের যেসব সমস্যার সম্মুখীন হয়েছি, সেসব থেকে অর্জিত জ্ঞান, জীবনের আনন্দ-বেদনা—সবকিছুই ব্যক্ত করার মধ্য দিয়ে সাহিত্যে রূপ দেওয়ার চেষ্টা করি।আমি যখন দ্বিতীয় শ্রেণিতে পড়ি, একদিন স্যার বললেন, ‘শনিবার থেকে তোমাদের পরীক্ষা। তোমরা তোমাদের বাবার কাছ থেকে পরীক্ষার ফি নিয়ে আসবে।’ কথাটি শুনে আমি তো অবাক! বাবা আবার কে? আমার তো বাবা নেই! আমি দাঁড়িয়ে বললাম, ‘স্যার, আমার তো বাবা নেই।’ এ কথা শুনে স্যার হাসতে লাগলেন। তিনি আমার বাবাকে চিনতেন। বললেন, ‘তোমার বাবা তো আছেন।’ আমি বললাম, ‘না, স্যার। আপনি যদি বলেন, আমি আমার আব্বার কাছ থেকে টাকা এনে দিতে পারব।’ স্যার আবারও হেসে বললেন, ‘আরে পাগল, ওই আব্বাই বাবা!’
সেই থেকে আমার বন্ধুরা আমাকে খ্যাপাত—‘আরে, বাবাই আব্বা!’ পরবর্তী সময়ে এসব অভিজ্ঞতা যখন কোনো লেখায় স্থান পায়, তখনই তা সাহিত্যের উপাদানে পরিণত হয়।তবে একটা কথা বলা দরকার, আমার লেখালেখির যাত্রা কিন্তু খুব বেশি দিনের নয়। শিক্ষকতা জীবনে একদিন নবম শ্রেণিতে ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি পড়াচ্ছিলাম। তখন একজন শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল, ‘স্যার, সনেট কী? আমাকে একটু বুঝিয়ে দেন।’ তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি নিজেই নতুন করে সনেট নিয়ে পড়াশোনা শুরু করি। শিক্ষার্থীদের বোঝানোর জন্য একটি সনেট লিখলাম। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। লিখে চলেছি কবিতা, গল্প, উপন্যাস ও গান।

জরীফ উদ্দীন: আপনি একজন শিক্ষক, সেই সঙ্গে কবি, লেখক ও গীতিকার। এসব পরিচয়ের মধ্যে কোনটিতে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং কেন?
রকিবুল হাসান গোলজার: একজন মানুষ একাধিক পেশার সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং বহুগুণের অধিকারী হতে পারেন। আমার মূল পেশা শিক্ষকতা। এই শিক্ষকতা পেশাই আমাকে অনেকটা কবিতা লিখতে বাধ্য করেছে, প্রেরণা জুগিয়েছে। অন্য পরিচয়গুলো আমাকে যতই পরিচিতি বা সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যাক না কেন, শিক্ষক হিসেবে পরিচয় দিতেই আমার ভালো লাগে। তবে প্রথমে শিক্ষক, এরপর লেখক বা কবি—এভাবেই নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি।

জরীফ উদ্দীন: আপনার সাহিত্যজীবনের প্রথম প্রকাশিত বইয়ের স্মৃতিকথা জানতে চাই।
রকিবুল হাসান গোলজার: সৃষ্টির কী যে আনন্দ! যিনি সৃষ্টি করেন, হয়তো তিনি ছাড়া অন্য কেউ তা উপলব্ধি করতে পারেন না। স্রষ্টা তাঁর সৃষ্টির অবাধ্যতাকেও উপেক্ষা করে রিজিক বন্ধ করে দেন না। তাঁর সৃষ্টির বিচরণ ও আনাগোনা হয়তো তাঁকে আনন্দ দেয়।ঠিক তেমনি কবিতা লিখে তা কেমন হয়েছে, জানার জন্য শ্রোতা খুঁজি। অন্যকে পড়ে শোনাই, কেমন হয়েছে তা জানতে চাই। কেউ ভালো বললে ভালো লাগে। কেউ ভুল ধরিয়ে দিলে তাঁকে শিক্ষক ভেবে শ্রদ্ধায় অবনত হই। প্রশংসাকারীকে হৃদয় দিয়ে শ্রদ্ধা, স্নেহ ও ভালোবাসা জানাতে পারলে ভালো লাগে।একসময় সেই লেখাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য বই প্রকাশের ইচ্ছা জাগে। ঘটনাটি ২০১৫ সালের। কত প্রকাশনীর দ্বারে, কত প্রকাশকের কাছে গিয়েছি, তার শেষ নেই। যেখানে গিয়েছি, সেখানেই নেতিবাচক কথা শুনে হতাশ হয়েছি। আমার মনে হয়েছে, অনেক লেখককেই প্রথম বই প্রকাশের ক্ষেত্রে এমন সমস্যার মুখোমুখি হতে হয়।পরবর্তী সময়ে রংপুরের ইরা প্রেস থেকে আমার প্রথম সনেটের বই ছাপা হলে কী যে ভালো লেগেছিল! অনুভূতিটা ছিল মায়ের প্রথম সন্তান জন্ম দেওয়ার আনন্দের মতো। যদিও বইটির মেকআপ ঠিক ছিল না; ছাপার ত্রুটি ও বাঁধাইয়ের সমস্যাও ছিল। এমনকি বইটিতে আইএসবিএন নম্বরও ছিল না। পরের বছর, ২০১৬ সালে, অন্যধারা প্রকাশন থেকে বইটি আবার প্রকাশ করি।বইটি পাঠকের সাড়া পাওয়ায় সাহিত্যজগতে পথচলার আগ্রহ আরও বেড়ে যায়। এরপর একে একে প্রকাশ করি ‘প্রবাসী’, ‘নিঃসঙ্গবাসী’, ‘হাটুয়া হুকা’, ‘মা’, ‘রিপু ত্যাগী মা’, ‘উলিপুরের আঞ্চলিক ভাষায় নীতিকথা’ ও ‘একক বর্ণের ছড়া’।

জরীফ উদ্দীন: আপনার লেখায় কোন বিষয়গুলো সবচেয়ে বেশি উঠে আসে?
রকিবুল হাসান গোলজার: একজন লেখকের লেখায় সাধারণত তাঁর অভিজ্ঞতা, জীবনদর্শন ও কল্পনার প্রতিফলন ঘটে। আমার লেখাতেও সমাজবাস্তবতা, প্রেম-বিরহ এবং মানুষের জীবনের নানা ঘটনাপ্রবাহ তুলে ধরার চেষ্টা করি।

জরীফ উদ্দীন: আপনার কোন বইটি আপনার কাছে সবচেয়ে প্রিয় এবং কেন?
রকিবুল হাসান গোলজার: একজন মায়ের কাছে যেমন তাঁর প্রত্যেক সন্তান প্রিয়, তেমনি একজন লেখকের কাছেও তাঁর প্রতিটি বই প্রিয়। আমার প্রকাশিত বইগুলোর মধ্যে প্রথম বই প্রেম প্রত্যাশী বিশেষভাবে উল্লেখযোগ্য। বইটিতে ভালোবাসা, ত্যাগ ও তিতিক্ষার যে প্রকাশ ঘটেছে, তা ভোলার নয়। কবিতার মধ্য দিয়ে বিষয়গুলো চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পেরেছি বলে আমার মনে হয়। আপনার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটি বইকে বেশি প্রাধান্য দিতে হচ্ছে বলে অন্য বইগুলোর কথা বাদ পড়ে যাচ্ছে। এতে সত্যিই মন খারাপ হচ্ছে। অন্য বইগুলোর প্রতিও আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। সেগুলোর কথা বলতে না পারার আক্ষেপ আমাকে ব্যথিত করে।

জরীফ উদ্দীন: কবিতা না গান? কবিতা ও গান লেখার মধ্যে মৌলিক পার্থক্য কোথায়?
রকিবুল হাসান গোলজার: অবশ্যই গান। বাংলা সাহিত্যের সূচনালগ্ন পর্যালোচনা করলে দেখা যায়, এর আদি নিদর্শন চর্যাপদ। চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়াদের সাধনসংগীত হিসেবে রচিত। সেদিক থেকে বিচার করলে মনে হতে পারে, কবিতার আগে গানের জন্ম। আবার যাঁরা সাহিত্যচর্চা করেন, তাঁদের অনেকেই কবিতার মাধ্যমে লেখালেখি শুরু করেছেন।তবে একটি কথা বলা দরকার—‘সব গানই কবিতা, কিন্তু সব কবিতা গান নয়।’ কবিতা হয়তো সবার কাছে পৌঁছায় না, কিন্তু গান মানুষের কাছে সহজেই পৌঁছে যায়।আধুনিক কবিতায় ছন্দ, অন্ত্যমিল ও মাত্রার ব্যবহার সব সময় বাধ্যতামূলক নয়। তবে কবিতায় যখন অন্ত্যমিল, মাত্রা ও ছন্দের সমন্বয় ঘটে এবং তা সুরের সঙ্গে মিশে নদীর স্রোতের মতো প্রবাহ সৃষ্টি করে, তখন পাঠক-শ্রোতার হৃদয় ও মনকে স্পর্শ করে। সেই কবিতা সুরের মাধ্যমে গানে রূপ নিতে পারে।গানের একটি নির্দিষ্ট কাঠামো ও সুরের বিন্যাস থাকে। কবিতা পাঠের ক্ষেত্রে তুলনামূলক স্বাধীনতা রয়েছে। কিন্তু গান গাওয়ার সময় সুর ও তাল মেনে চলতে হয়।

জরীফ উদ্দীন: একটি গান লেখার সময় শব্দ ও সুরের সমন্বয় কীভাবে ভাবেন?
রকিবুল হাসান গোলজার: মানুষ প্রতিনিয়ত নতুন নতুন পরিস্থিতির মুখোমুখি হয়। কোনো ঘটনা যখন মনকে গভীরভাবে নাড়া দেয়, তখন সেই অনুভূতি আকর্ষণীয় বাণী, মাত্রা, ছন্দ ও অন্ত্যমিলের সমন্বয়ে গানে রূপ নিতে পারে।একদিন আমার অসুস্থ ভগ্নিপতিকে দেখতে গিয়েছিলাম। আমাকে দেখামাত্রই তিনি জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। ঘটনাটি আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। রাতে ঘুমাতে পারছিলাম না। তাঁর প্রতি সমবেদনা ও সান্ত্বনার অনুভূতি থেকেই লিখেছিলাম ‘মরণ চিঠি’ গানটি। গানটির কয়েকটি পঙ্‌ক্তি হলো—
‘তোমার মতো আমারও তো আসবে মরণ চিঠি,
কেউ কি কভু ফেরত দিতে পেরেছে সেই চিঠি?
আজকে তোমার যাবার সময়, কালকে হয়তো আমার,
এসেছি গো মিলতে হেথায়, কাল তো মিলব আবার,
ক্ষণিকের এ বিচ্ছেদ সেদিন নেব মোরা মিটি
হয়তো তোমার নেই আজ স্মরণ, হয়নি ম্লান আমার,
সাক্ষাতের ওই অপেক্ষার ক্ষণ ছিল কত ব্যথার,
তবুও কত আনন্দময় হতো সেই না তিথি।’

জরীফ উদ্দীন: আপনার এমন কোনো গান আছে, যা লেখার পর নিজের জীবন ও জীবনদর্শন নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করেছে?
রকিবুল হাসান গোলজার: হ্যাঁ, সেই ‘মরণ চিঠি’ গানটির কথাই বলব। গানটি লেখার ভাবনা এবং লেখার পর থেকে আমার ঘুম হারাম হয়ে গিয়েছিল। সব সময় মৃত্যুর কথা মনে হতো। কারও সঙ্গে দেখা হলে আবেগাপ্লুত হয়ে পড়তাম। বিষয়টি এখনো আমাকে কাঁদায়।

জরীফ উদ্দীন: আপনার বিষয়ে যতটুকু জানি, ফেসবুকে আপনার লেখা গান শিল্পী মিজানুর রহমানের কণ্ঠে বেশ জনপ্রিয়। আপনি বেতার বা টেলিভিশনে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন কি না?
রকিবুল হাসান গোলজার: না, আমি এখনো গীতিকার হিসেবে বেতার বা টেলিভিশনে তালিকাভুক্ত হতে পারিনি। তবে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ একাধিকবার আবেদন করেছি। অজ্ঞাত কারণে তালিকাভুক্ত হতে পারিনি। এর কারণ অনুসন্ধান করেও আজ পর্যন্ত কোনো সমাধান পাইনি। যাঁরা এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বে রয়েছেন, তাঁরাই বিষয়টি ভালো বলতে পারবেন।

জরীফ উদ্দীন: প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম সাহিত্যচর্চায় কী ধরনের প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন?
রকিবুল হাসান গোলজার: আমি মনে করি, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম সাহিত্যচর্চায় অভাবনীয় ইতিবাচক প্রভাব ফেলছে। একজন লেখক বা কবি নিজের প্রোফাইলে লেখা পোস্ট করলে তাঁর ফেসবুকের বন্ধু ও পাঠকেরা তা পড়তে পারেন এবং মন্তব্য করতে পারেন। এটি লেখকের জন্য পরম তৃপ্তির বিষয়।ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন সাহিত্যবিষয়ক গ্রুপ ও পেজ রয়েছে। সেখানে প্রতিদিন অসংখ্য লেখক তাঁদের লেখা প্রকাশ করছেন। ফলে দ্রুত পাঠকের কাছে লেখা পৌঁছে যাচ্ছে। এটি লেখক ও পাঠক—উভয়ের জন্যই ইতিবাচক। গঠনমূলক মন্তব্য ও বিশ্লেষণ লেখাকে সংশোধন করে আরও সুন্দর ও সুখপাঠ্য করে তুলতেও সহায়তা করে। তবে একটি বিষয় না বললেই নয়। ফেসবুক থেকে প্রায়ই লেখা চুরি হচ্ছে। ধরুন, আপনি একটি লেখা পোস্ট করলেন; কেউ সেটি চুরি করে নিজের নাম দিয়ে প্রকাশ করল। এটি অত্যন্ত দুঃখজনক। তারপরও বলব, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম সাহিত্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জরীফ উদ্দীন: আমরা আবার আপনার লেখালেখিতে ফিরে আসি। আপনার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে এবং তৈরি হয়েছে একদল পাঠক। জানতে চাই, আপনার সাহিত্যকর্মের মাধ্যমে পাঠকদের কাছে কী বার্তা পৌঁছে দিতে চান?
রকিবুল হাসান গোলজার: পাঠকেরা বিভিন্ন বয়সের হতে পারেন। নবীন পাঠক, বিশেষ করে শিক্ষার্থীদের বলতে চাই, তাঁরা যেন অভিজ্ঞ ও প্রবীণদের কাছ থেকে শিক্ষা নেন, সময়ের অপচয় না করেন এবং নিজেদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে আগ্রহী হন।অন্যদিকে, তরুণদের প্রতি আমার বার্তা হলো—জীবনের সব ক্ষেত্রে নীতি-নৈতিকতা বজায় রেখে ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। আমার লেখায় এ ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করি। উদাহরণ হিসেবে আমার ‘নিঃসঙ্গবাসী’ কাব্যগ্রন্থের ‘সৃষ্টির সৃষ্টি’ কবিতাটির কথা বলা যায়।

জরীফ উদ্দীন: বর্তমান সময়ের সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন আপনার লেখায় কতটা প্রভাব ফেলে বলে মনে করেন?
রকিবুল হাসান গোলজার: চমৎকার একটি প্রশ্ন। সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনে আমার লেখা কতটা প্রভাব ফেলেছে, সে প্রশ্নের উত্তর আমি দেব না; এটি বলবেন আমার পাঠকেরা। তবে এতটুকু বলতে পারি, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে আমি লেখালেখি চালিয়ে যাচ্ছি। ফেসবুকে আমার লেখাগুলো দেখলে বিষয়টি বুঝতে পারবেন। ২০২৪ সালের আন্দোলন নিয়ে যেমন লিখেছি, তেমনি লিখেছি তিস্তার দুঃখ নিয়ে। এ ছাড়া প্রত্যন্ত গ্রামের যেসব মেয়ে আমার বিদ্যালয়ে পড়ে, তাদের দিয়ে মঞ্চস্থ করিয়েছি ‘অংশীদার’ নাটকটি। পৈতৃক ভিটেমাটির অধিকার থেকে পারিবারিকভাবে বঞ্চিত মেয়েদের অধিকার আদায়ের গল্প নিয়ে নাটকটি লিখেছি ও পরিচালনা করেছি।

জরীফ উদ্দীন: অনেক কথা হলো। আরেকটি কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই। কেউ লেখেন আত্মতৃপ্তির জন্য, কেউ ভালো লাগা থেকে, আবার কেউ খ্যাতির জন্য। আপনি কেন লেখেন?
রকিবুল হাসান গোলজার: আমরা সামাজিক জীব। সমাজেই আমাদের জীবনের শুরু এবং শেষ। মানুষ যখন প্রবল দুঃখ-কষ্ট অনুভব করে, তখন তা অন্যের কাছে প্রকাশের মাধ্যমে মানসিক প্রশান্তি পেতে চায়। আমিও এর ব্যতিক্রম নই।আমার জীবনের সাফল্য-ব্যর্থতা, কীভাবে ও কেন সফল হয়েছি কিংবা ব্যর্থতার মুখোমুখি হয়েছি—এসব অন্যদের জানিয়ে একদিকে নিজের আনন্দ ভাগ করে নিতে চাই, অন্যদিকে দুঃখের উপশম খুঁজি। আমার অভিজ্ঞতা থেকে নবীনরা শিক্ষা নিয়ে নিজেদের আনন্দময় জীবন গড়তে এবং দুঃখ-কষ্ট এড়িয়ে চলতে সক্ষম হবেন—এটাই প্রত্যাশা। এ জন্যই লিখি। অন্যকে জাগানোর জন্য, আনন্দের জন্য।

জরীফ উদ্দীন: নতুন প্রজন্মের লেখকদের জন্য আপনার পরামর্শ কী?
রকিবুল হাসান গোলজার: লেখার ক্ষেত্রে কেউ নবীন, কেউ প্রবীণ—বিষয়টিকে আমি এভাবে দেখি না। অনেকে তরুণ বয়সেই একটি লেখা দিয়ে সাফল্য অর্জন করেন। আবার অনেকে দীর্ঘদিন লিখেও প্রত্যাশিত সাফল্য পান না। তাই নতুন লেখকদের আলাদা করে কোনো পরামর্শ দিতে চাই না। বরং তাঁদের লেখা ইতিবাচক মন নিয়ে পড়ি। আমি মনে করি, তরুণেরাই, অর্থাৎ নতুন প্রজন্মের লেখকেরাই আগামী দিনে বড় সাফল্য অর্জন করবেন। তবে সব লেখককে বলব—পড়ুন, বেশি করে পড়ুন। মন যা চায়, লিখুন। লিখে যেতে থাকুন। তবে মনটাকে পরিচ্ছন্ন রাখতে হবে।বর্তমানে সাহিত্যজগতে কে কার দুর্নাম করতে পারে, কে কাকে গালি দিতে পারে, কে কত ছোট লেখক—এসব বিষয় বেশি দেখা যায়। আমি এই বিভেদ চাই না। আমি চাই, সমালোচনা হোক গঠনমূলক। সাহিত্যচর্চার পথে কেউ কারও প্রতিযোগী না হয়ে সহযোগী হবেন—এটাই আমার কামনা।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post