বর্ষা ও মন-মর্জিয়া ।। অহনা ঘোষ মজুমদার



আমি বৃষ্টি ভালোবাসি, অশ্রু ধুইয়ে দিয়ে যায়,
বলেছিল চ্যাপলিন, মুখে মেকি হাসি মেখে,
আমি কান্না চেপে রাখিনা বুকে, নিতান্ত নিরুপায়
নইলে বৃষ্টি আমার মধ্যরাতের প্রেমকাহিনী লেখে।

আমি নাম রেখেছি মেঘ, আমার আদুরে অবসাদ,
তার ধূসরবর্ণ ঠোঁটে আঁকি রামধনু চুম্বন।
মিছে মন কেমনের দিনে খুঁজি ভালোবাসার স্বাদ,
যেন পদ্মপাতায় মেহুলের এক নিবিড় আলাপন।

আমি জ্বালিয়েছি বিদ্যুৎ, মনের সুপ্ত পাতালঘরে,
যত চামচিকে আর বাদুড় ওড়ে দিগভ্রান্ত হয়ে,
কত আগুন নিভেছে জলে, কত কষ্ট উড়েছে ঝড়ে,
আর কান্নাগুলো কর্পূর হয়ে পালিয়েছে প্রাণভয়ে।

তাই বৃষ্টি ভালোবাসি, ভেতর-বাইরে আনে প্রাণ,
দমবন্ধ গ্রীষ্ম থেকে এক পশলা শ্বাস,
যার ধুলো জমেছে মনে, তার কষ্টকে সম্মান,
আমি যন্ত্রণাকে সরিয়ে রাখি বর্ষার তিন মাস। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post