বর্ষা ভেজা হাতচিঠি ।। অনিন্দিতা শাসমল

 



তুই যে বলেছিলি ---
এবার ঘোর বর্ষায় সাগর দেখতে যাবি ! 
পাড়ে দাঁড়িয়ে উত্তাল তরঙ্গের গর্জন শুনে,ভয়ে তোকে জড়িয়ে ধরে সবটুকু উষ্ণতা শুষে নেবো, তোর শার্টের বোতাম খোলা বুকে মুখ গুঁজে।
তারপর হঠাৎ যখন ঢেউ ভাঙা জল ,পায়ের পাতা থেকে হাঁটু কোমর ছাপিয়ে  ভিজিয়ে দেবে যুগল আমাদের চিবুক,নাক ,মুখ,গাল, কপাল...
তখন নতুন কবিতা লেখা হবে, তুই বলেছিলি। 
মনে আছে ? 
এই ক'দিনের প্রবল বর্ষণে তোর প্রিয় নদীরা সাগরের মতোই ফুঁসছে।
কংসাবতী,শিলাবতী আর আমার পায়ে চলা পথের বাঁকে, শান্ত তমালও বড় অভিমান নিয়ে  উথাল পাথাল ঢেউ ছড়াচ্ছে শালবনের অন্তরঙ্গে।
একবার অন্তত তাদের দেখতে আয় ! 
সাগর ভেবে তাদের পাড়েই বসে থাকি না হয়, অস্তরাগের গোধূলি বেলায়...
অন্তহীন অপেক্ষা পেরিয়ে, তাদের জলেই ভিজে যাক  আমাদের সবটুকু ভালোবাসা।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post